তুরস্কের আনতালিয়ায় আজ সোমবার শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন।
ভূমধ্যসাগরের উপকূলের পর্যটননগরী আনতালিয়ার এক্সপো সেন্টারে আয়োজিত সম্মেলনে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, বিজ্ঞানী, পরিবেশকর্মী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ প্রায় এক লাখ মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।
এবারের সম্মেলনের সভাপতিত্ব করছে তুরস্ক। দেশটির পরিবেশমন্ত্রী মুরাত কুরুম সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আর আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া—দেশটির জলবায়ুবিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন আলোচনায় নেতৃত্ব দেবেন।
সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, অভিযোজন এবং প্যারিস চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। তুরস্ক ও অস্ট্রেলিয়া এবারের সম্মেলনকে ‘বাস্তবায়নের সম্মেলন’ হিসেবে তুলে ধরছে।
সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশন হবে আগামী ১১ ও ১২ নভেম্বর। এতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন।



















