ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৮:২৮ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় তাঁর সভাপতিত্বে অধিবেশনের বৈঠক শুরু হয়; অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

স্পিকার বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা আবার গণতন্ত্রের অগ্রযাত্রা সূচনা করেছে। গণতন্ত্র ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা ও জনগণের অধিকার সুরক্ষা এই সংসদের প্রধান দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবময় অধ্যায়, যা জাতীয় পরিচয়ের ভিত্তি ও ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস। আর ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে এনেছে।

বক্তব্যের শেষে তিনি দেশে শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধি কামনা করেন এবং সংসদ সদস্যদের দায়িত্ব পালনে শক্তি ও প্রজ্ঞা প্রার্থনা করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন