ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে আজ সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানির সঙ্গে রুদ্ধদ্বার এই বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি ও সংঘাত বন্ধের শর্ত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগে কাতারের প্রধানমন্ত্রী মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও বৈঠক করবেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় কেন্দ্রীয় ভূমিকা পালন করছে কাতার। দেশটি দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদান ও মতপার্থক্য কমানোর চেষ্টা করছে।
রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের সঙ্গে আলোচনায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প রোববার বলেন, আলোচনা এগিয়ে গেলে এবং একটি শক্তিশালী চুক্তি হলে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম।



















