ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

সৌদিতে ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দুর্ঘটনায় আহত ছয়জনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

রোববার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত এবং ছয়জন আহত হওয়ার খবর তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে।

শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আহতরা যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, সেই কামনাও করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও জানান, এই কঠিন সময়ে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার কনস্যুলেটের মাধ্যমে নিহতদের পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শোকবার্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৭ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে থাকা ১৩ বাংলাদেশির সবাই কক্সবাজার জেলার তিনটি পরিবারের সদস্য।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন