ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন

সিলেটে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

সিলেটে সম্ভাবনাময় ও বর্তমান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ‘উদ্যোক্তা উন্নয়ন’ নামের এই কর্মসূচির মোট সময় ১০০ ঘণ্টা। এতে অংশগ্রহণকারীদের ব্যবসা পরিচালনার জ্ঞান, ব্যবস্থাপনার দক্ষতা এবং শিল্প ও বাজারের সঙ্গে সংশ্লিষ্ট সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো. মহসিনুর রহমান, ব্যাংকের কর্মকর্তা শেখ নূর আলম এবং আঞ্চলিক প্রধান মো. হুমায়ুন কবির।

প্রাইম ব্যাংক মনে করে, দক্ষতাভিত্তিক এ ধরনের প্রশিক্ষণ নতুন উদ্যোক্তা তৈরি, বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ এবং দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা ব্যবসা পরিচালনায় আরও দক্ষ হবেন এবং দেশের শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা ও উদ্ভাবনী উদ্যোগ আরও এগিয়ে যাবে বলে ব্যাংকটি আশা করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন