বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবারট্রাকের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টেসলা। আগামী ২০২৭ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের টেক্সাসের কারখানায় গাড়িটির উৎপাদন বন্ধ করা হবে।
বিক্রি প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
মাস্কের ভাষ্য, সাইবারট্রাকের উৎপাদন কমিয়ে দিলে কারখানায় চালকবিহীন ট্যাক্সি সাইবারক্যাব তৈরির সক্ষমতা বাড়ানো সম্ভব হবে। তবে উৎপাদন অন্য কোনো কারখানায় সরানো হবে নাকি পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তা এখনো স্পষ্ট নয়।
২০১৯ সালে সাইবারট্রাকের নকশা প্রকাশ করে টেসলা; ২০২৩ সালের শেষ দিকে গ্রাহকদের কাছে সরবরাহ শুরু হয়। তখন মাস্ক বছরে আড়াই লাখ গাড়ি বিক্রির লক্ষ্যের কথা জানিয়েছিলেন।
বাস্তবে বিক্রি অনেক কম হয়েছে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছে ২০ হাজার ২৩৭টি; ২০২৪ সালে বিক্রি হয়েছিল ৩৮ হাজার ৯৬৫টি। এক বছরে বিক্রি কমেছে ৪৮ শতাংশ। বাজারে আসার পর থেকে গাড়িটি ১১ বার প্রত্যাহারের (রিকল) মুখে পড়েছে।

ইউরোপেও গাড়িটির সম্ভাবনা সীমিত। ধারালো স্টেইনলেস স্টিলের নকশা পথচারীদের নিরাপত্তাসংক্রান্ত ইউরোপীয় বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; ফলে সেখানে অনুমোদন পাওয়া কঠিন।
সাইবারক্যাবে স্টিয়ারিং হুইল, প্যাডেল ও প্রচলিত আয়না নেই; সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলার উপযোগী করে তৈরি করা হচ্ছে এটি। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের অস্টিনে সীমিত পরিসরে অর্থের বিনিময়ে যাত্রী পরিবহন শুরু হয়েছে; তবে নিরাপত্তা মান ও অনুমোদন নিয়ে নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত টেসলার ব্যবসায়িক অগ্রাধিকারে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে— প্রতিষ্ঠানটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ও চালকবিহীন পরিবহন প্রযুক্তিতে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে সাইবারক্যাবের উৎপাদন এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় বিক্রির ঘাটতি দ্রুত পূরণ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।


















