রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বেসরকারি ব্যাংকারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য মো. আবুল হাসনাত আবদুল্লাহ। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে গত ৪ নভেম্বর তিনি একটি আলোচনাপত্র উপস্থাপন করেন।
আলোচনাপত্রে তিনি বলেন, একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং আরেকটি বেসরকারি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালককে আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। তিনি বিজ্ঞাপন দিয়ে, আগাম মানদণ্ড প্রকাশ করে এবং বাংলাদেশ ব্যাংককে সম্পৃক্ত করে স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নিয়োগের প্রস্তাব দেন। অভিজ্ঞ সরকারি ব্যাংকারদের অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি।
আলোচনাপত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়ার দাবি জানানো হয়। ২০১০ সালের ৬ জানুয়ারি গঠিত এই বিভাগের কারণে দ্বৈত নিয়ন্ত্রণ চলছে বলে উল্লেখ করা হয়। অর্থমন্ত্রী গত বছরের অক্টোবরে বিভাগটি বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে আলোচনাপত্রে বলা হয়।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের অবশিষ্ট মেয়াদ গত ১৯ অক্টোবর বাতিল করা হলেও সাত দিন পর তাঁকে পুনর্বহাল করা হয় বলে আলোচনাপত্রে উল্লেখ করা হয়।
খেলাপি ঋণের তথ্য তুলে ধরে আলোচনাপত্রে বলা হয়, গত ৩০ জুন পর্যন্ত ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে জনতা ব্যাংকেই ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা, যা মোটের প্রায় ৫১ শতাংশ। গত ৬ সেপ্টেম্বর সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য দিয়েছিলেন।

আলোচনাপত্রে আরও বলা হয়, চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ। এপ্রিল-জুন সময়ে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।
আলোচনাপত্রে গভর্নরের মেয়াদ ও অপসারণ আইনে সুনির্দিষ্ট করা, স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং কার্যক্ষমতার সূচক নির্ধারণের প্রস্তাবও রয়েছে। দ্বৈত নিয়ন্ত্রণ বন্ধের পক্ষে মত দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ও বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিল।


















