ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

মাতারবাড়িতে স্থানীয়দের জীবনমান উন্নয়নের উদ্যোগ

মাতারবাড়ির মেগাপ্রকল্প ঘিরে স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার। প্রকল্পের সুফল যাতে স্থানীয়দের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে কাজ করা হবে।

রোববার সকালে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার ভূঁঞা। উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে জলপথে সেখানে পৌঁছান তিনি। স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ তাঁকে স্বাগত জানান।

মুখ্য সচিব মেগাপ্রকল্পগুলোর অগ্রগতি ঘুরে দেখেন এবং প্রকল্প কর্মকর্তা ও সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে স্থানীয়দের স্বার্থ, প্রকল্পের সুফল বণ্টন এবং এলাকার আর্থসামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা হয়।

সংসদ সদস্য প্রকল্পে স্থানীয়দের সরাসরি সম্পৃক্ত করা, জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, স্থানীয় যুবকদের কর্মসংস্থান এবং দক্ষ ও অদক্ষ স্থানীয় শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্ব দেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, স্থানীয়দের কল্যাণের কথা মাথায় রেখেই মেগাপ্রকল্পগুলোর পরিকল্পনা করা হচ্ছে। স্থানীয়দের আর্থিক উন্নতি, কর্মসংস্থান ও জীবনমান বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে।

পরিদর্শনকালে জেলা ও উপজেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন