ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

বিবিএসকে পূর্ণ স্বাধীনতা: অর্থমন্ত্রী

সরকারি তথ্য যেন স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয়, সে জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৮ নভেম্বর) জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সঠিক তথ্য ছাড়া ভালো নীতি তৈরি করা যায় না, উন্নয়ন পরিকল্পনা সাজানো যায় না, আবার সরকারের কর্মসূচি ঠিকমতো বাস্তবায়ন করাও সম্ভব হয় না। তাই তথ্যকে তিনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করেন। পরিসংখ্যান স্বচ্ছ, নির্ভরযোগ্য ও পরিমাপযোগ্য হতে হবে—এমন মন্তব্য করে তিনি বলেন, জনগণ, গবেষক ও নীতিনির্ধারকদের এসব তথ্যের ওপর আস্থা রাখতে হবে।

তথ্য নিয়ে কোনো ধরনের কারসাজি বরদাশত করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি তথ্য বিকৃত করা মানে নিজের সরকারের সঙ্গেই প্রতারণা করা। নীতি ও উন্নয়ন পরিকল্পনা অবশ্যই নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গড়ে তুলতে হবে বলে তিনি জোর দেন।

প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে সরকার নানা উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছে। এসব উদ্যোগ সফল করতে কর্মকর্তাদের আন্তরিকতা এবং সরকারের কর্মসূচির সঙ্গে তাদের কাজের সমন্বয় জরুরি বলে মন্তব্য করেন তিনি। নির্বাচিত সরকারের নীতি ও পরিকল্পনা অনুযায়ী সরকারি কর্মকর্তাদের কাজ করাই স্বাভাবিক—এমনটাও বলেন অর্থমন্ত্রী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন