শনিবার রাতে ও রোববার ভোররাতে রাজধানীর তিনটি স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। বনানীতে সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের পাশাপাশি মহাখালী ও মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১২টা ৫৭ মিনিটের দিকে মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
এর আগে শনিবার রাত ১০টার দিকে মিরপুরে পল্লবী মেট্রোস্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় বাসের চালক ও হেলপার দ্রুত সিট সরিয়ে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলেও তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয় এবং বাসটি সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
একই রাতে ১০টা ২০ মিনিটের দিকে বনানীর সেতু ভবনের গার্ডরুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দের এই বিস্ফোরণে গার্ডরুমের জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে বনানী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে। তল্লাশিকালে ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়, যা পরে নিষ্ক্রিয় করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাশকতার এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।



















