ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী এসিআই পিএলসিকে ডিজিটাল ও বিকল্প অর্থায়নসহ নানা ধরনের ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

গত ৪ নভেম্বর ঢাকায় এসিআইয়ের প্রধান কার্যালয়ে চুক্তিতে সই করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রেফাত উল্লাহ খান এবং এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা।

চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক এসিআইকে বাংলা কিউআর, স্মার্ট পিওএসসহ নির্দিষ্ট পেমেন্ট চ্যানেলের সুবিধা দেবে। এতে পরিবেশক ও ডিলারদের কাছ থেকে ডিজিটাল মাধ্যমে নগদ অর্থ সংগ্রহ সহজ হবে। ব্যাংকের বিশেষায়িত প্ল্যাটফর্ম ‘সাফল্য’র মাধ্যমে ডিজিটাল অর্থায়ন সেবা দেওয়া হবে, যাতে যোগ্য আবেদনকারীরা ডিজিটাল মাধ্যমে সহজে ঋণ সুবিধা নিতে পারেন।

এছাড়া পরিবেশকদের চলতি মূলধন ও মজুতের চাহিদা মেটাতে বিশেষ পরিবেশক অর্থায়ন সুবিধা দেওয়া হবে। পুরো সরবরাহ শৃঙ্খলের আর্থিক চাহিদা মেটাতে মজুত সুবিধা, ফ্যাক্টরিং ও রিভার্স ফ্যাক্টরিংসহ বিশেষ অর্থায়ন সুবিধাও থাকবে।

ব্র্যাক ব্যাংক তার ক্যাশ ম্যানেজমেন্ট সেবার আওতায় পরিবেশক ও ডিলারদের জন্য ভার্চুয়াল অ্যাকাউন্টভিত্তিক সংগ্রহ সুবিধা চালু করবে, যাতে এসিআইয়ের লেনদেনে দক্ষতা ও গতি বাড়ে। এসিআইয়ের কৃষি মূল্য শৃঙ্খলে চুক্তিভিত্তিক কৃষকদের জন্য বিশেষ অর্থায়ন ও কৃষিঋণ সুবিধাও থাকবে।

প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে দুই প্রতিষ্ঠান ভবিষ্যতে যৌথভাবে আর্থিক পাইলট প্রকল্প চালানো এবং ব্যবসায়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ও উদ্ভাবনী ব্যাংকিং সমাধানে কাজ করার কাঠামো তৈরি করেছে।

চুক্তি সই অনুষ্ঠানে এসিআইয়ের পক্ষ থেকে প্রধান অর্থ কর্মকর্তা মো. মনির হোসেন খান ও ট্রেজারি পরিচালক মো. আবু হাসান জামান এবং ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আবদুল মোমেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মো. শাহিন ইকবাল, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান মো. মাহিউল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং প্রধান মো. আসিফ বিন ইদ্রিস উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রেফাত উল্লাহ খান বলেন, এই সহযোগিতা পুরো ব্যবসায়িক মূল্য শৃঙ্খলের আর্থিক চাহিদা মেটাতে ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। ডিজিটাল পেমেন্ট, কাস্টমাইজড অর্থায়ন ও ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা একত্র করে করপোরেট ব্যবসায়ের কার্যক্রমে দক্ষতা বাড়ানো, শক্তিশালী সংযোগ তৈরি এবং পরিবেশক, সরবরাহকারী ও কৃষি অংশীদারদের জন্য অর্থায়নের সুযোগ বাড়াতে চায় ব্যাংক। দীর্ঘমেয়াদি অংশীদারত্ব পারস্পরিক মূল্য তৈরি করবে এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা বলেন, এসিআইয়ের ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী করতে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি করতে পেরে তিনি আনন্দিত। এই উদ্যোগ বিতরণ ও কৃষি নেটওয়ার্কে অর্থায়ন সহজ করবে এবং টেকসই প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করবে। যৌথ উদ্যোগ দুই প্রতিষ্ঠান এবং সামগ্রিক ব্যবসায়িক ইকোসিস্টেমে স্থায়ী মূল্য যোগ করবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন