ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১:১৭ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে ৬ ‘স্বর্ণের ডিম’ জব্দ, দাম প্রায় ৫ কোটি টাকা

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ছয়টি সোনার ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সোমবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

পৃথক দুটি অভিযানে জব্দ করা সোনার মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। এর মধ্যে তিনটি উদ্ধার করা হয়েছে আবুধাবিগামী এক যাত্রীর কাছ থেকে। বাকি তিনটি পাওয়া যায় বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে পরিত্যক্ত অবস্থায়। জব্দ করা এই সোনার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালান কাস্টমস গোয়েন্দারা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফ্লাইটটির ছেড়ে যাওয়ার কথা ছিল। সন্দেহভাজন এক যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছ থেকে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি সোনার ‘ডিম’ জব্দ করা হয়।

একই সময়ে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও তিনটি সোনার ‘ডিম’ উদ্ধার করেন কর্মকর্তারা। সেগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বর্ণগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা সোনার উৎস, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং সম্ভাব্য চোরাচালান চক্রের আন্তর্জাতিক যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ