ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১:৫২ অপরাহ্ন

শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান আন্দোলনের চতুর্থ দিনে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। সোমবার (২ নভেম্বর) সকাল থেকেই পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকা জুড়ে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও মৌচাক এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধের পর বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন শ্রমিকরা। পরে পুলিশ বাধা দিলে সংঘাত ছড়িয়ে পড়ে। দুপুর ১২টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকার অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বিক্ষোভের কারণে মহাসড়কের এক অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকাল থেকেই মাঠে রয়েছে ১০ প্লাটুন বিজিবি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে শ্রমিকেরা বারবার সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ