ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ২:৫৭ অপরাহ্ন

ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালের মানসিকতায় মুগ্ধ ফ্লিক

ব্যালন ডি’অর জিততে পারেননি লামিন ইয়ামাল। তবে পুরস্কার না পাওয়ার হতাশা তাকে দমাতে পারেনি। বরং অনুশীলনে পূর্ণ মনোযোগ দিয়ে নিজের পেশাদারত্বের পরিচয় দিয়েছেন বার্সেলোনার এই তরুণ তারকা। ইয়ামালের এমন মানসিকতায় মুগ্ধ কোচ হান্সি ফ্লিক।

শুক্রবার (৩০ অক্টোবর) সংবাদ সম্মেলনে ইয়ামালকে নিয়ে কথা বলেন বার্সেলোনা কোচ। তার মতে, ব্যালন ডি’অর জেতার সব যোগ্যতাই রয়েছে এই স্প্যানিশ উইঙ্গারের।

ফ্লিক বলেন, ‘হ্যারি কেইন এই পুরস্কারের যোগ্য ছিলেন। তবে ইয়ামালকে নিয়ে আমার ভাবনা সবারই জানা। ব্যালন ডি’অর জেতার মতো সব গুণ ও যোগ্যতা তার রয়েছে।’

ইয়ামালের মানসিকতার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমি তাকে নিয়ে গর্বিত। পুরস্কার না পাওয়ার বিষয়টি সে ইতিবাচকভাবে নিয়েছে। অনুশীলনেও পুরো মনোযোগ ধরে রেখেছে। প্রতিকূল পরিস্থিতিতে এটাই সবচেয়ে ভালো প্রতিক্রিয়া। দলের জন্য তার এই মানসিকতা খুবই ইতিবাচক।’

এদিকে টানা দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরতে চায় বার্সেলোনা। শনিবার (৩১ অক্টোবর) ঘরের মাঠে আলাভেসের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। সেই ম্যাচে ইয়ামালের কাছ থেকেও ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছেন সমর্থকেরা।

এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতেছিল বার্সেলোনা। কিন্তু গত মঙ্গলবার (২৭ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে ৪-২ গোলে হারে তারা। এরপর লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছেও ২-১ গোলে পরাজিত হয় ফ্লিকের দল।

আলাভেস ম্যাচকে সামনে রেখে ফ্লিক বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয় পাওয়া। দল ভালো খেলছে। নিজেদের সামর্থ্যের ওপর আমাদের বিশ্বাস আছে। অনুশীলনেও খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক পরিবেশ দেখেছি। এবার মাঠে সেটার প্রমাণ দিতে হবে।’

লা লিগার পয়েন্ট তালিকায় অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ