ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ৩:১২ অপরাহ্ন

এইচএসসির ফল

জিপিএ-৫-এ এগিয়ে ছেলেরা, পাসের হারে মেয়েরা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার বেশি মেয়েদের। তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছেলেরা এগিয়ে রয়েছেন। এবার ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ, মেয়েদের ৫৬ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলে ২০ হাজার ৩৬৩ জন এবং মেয়ে ১৯ হাজার ৭২১ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা মেয়েদের চেয়ে ৬৪২ জন বেশি।

আজ শনিবার প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

এবার পরীক্ষায় অংশ নেওয়া ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছেলের মধ্যে পাস করেছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। তাদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন মেয়ের মধ্যে পাস করেছেন ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। সে হিসাবে পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

সব মিলিয়ে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

গত বছর ২০২৫ সালে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ