ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১:২৭ অপরাহ্ন

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করার পরিকল্পনা ফিফার

পুরুষদের বিশ্বকাপের সমান প্রাইজমানি দেওয়ার প্রতিশ্রুতি এখনো পূরণ করতে পারেনি ফিফা। তবে ২০২৭ সালের নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

পরিকল্পনা অনুযায়ী, আগামী নারী বিশ্বকাপে প্রাইজমানি বাড়িয়ে অন্তত ২২ কোটি ডলার করার প্রস্তাব করেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৭২৮ কোটি টাকা।

২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে মোট আর্থিক বরাদ্দ ছিল ১৫ কোটি ডলার। এর মধ্যে প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার। নতুন প্রস্তাব কার্যকর হলে পুরস্কারের অর্থ দ্বিগুণ হবে।

এবার শুধু দলীয় পুরস্কার নয়, খেলোয়াড়দের ব্যক্তিগত প্রাপ্তিও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ২০২৩ বিশ্বকাপে প্রত্যেক খেলোয়াড়ের জন্য ন্যূনতম ৩০ হাজার ডলার নিশ্চিত করেছিল ফিফা। ২০২৭ আসরে তা বাড়িয়ে ৬০ হাজার ডলার করার প্রস্তাব রয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৪ লাখ ৩৯ হাজার টাকা।

২০২৩ সালের মার্চে রুয়ান্ডার রাজধানী কিগালিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ২০২৭ সালের মধ্যে নারী ও পুরুষ বিশ্বকাপে সমান প্রাইজমানি দেওয়ার আশা করছে সংস্থাটি। তবে সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি। ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের জন্য ফিফা বরাদ্দ রেখেছে ৮৭১ কোটি ডলার।

এদিকে ২০২৭ নারী বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশ প্রস্তুতির জন্য পাবে ২৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ কোটি টাকা। এমনকি বিশ্বকাপে জায়গা না পাওয়া ফিফার ১৪৮টি সদস্য দেশকেও আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে প্রাইজমানি দ্বিগুণ করার প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। আগামী ডিসেম্বরে জুরিখে ফিফা কাউন্সিলের সভায় অনুমোদনের জন্য এটি উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, ২০২৭ সালের ২৪ জুন থেকে ২৫ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হবে ৩২ দলের নারী বিশ্বকাপ। আসরটির বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ