ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ন

লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রোল উদ্ধার

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারের মূল ফটকের পাশ থেকে দুটি বোতলভর্তি পেট্রোল ও একটি টাইম বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে মাজারের মূল প্রবেশদ্বারের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা ব্যাগ দেখতে পান স্থানীয় সাধুরা। পরে তারা বিষয়টি কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনকে জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে পেট্রোল ও বৈদ্যুতিক সরঞ্জামের মতো বস্তু দেখতে পান ওসি। বিষয়টি পুলিশ সুপারকে জানানোর পর মাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মাজারের মূল ফটক বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে পুলিশ, র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দায়িত্ব পালন করেন।

পরে ঢাকায় যোগাযোগের মাধ্যমে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের চার সদস্যের একটি দল সোমবার (১৯ অক্টোবর) সকালে কুষ্টিয়ায় পৌঁছায়। পরীক্ষা-নিরীক্ষার পর ব্যাগে দুটি বোতলভর্তি পেট্রোল ও একটি টাইম বোমা থাকার বিষয়টি শনাক্ত করা হয়।

ওসি জামাল উদ্দিন বলেন, সাধুদের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুপারকে বিষয়টি জানান। পরে ঢাকার বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করে বস্তুটি টাইম বোমা বলে শনাক্ত করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত তাদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ