ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৩:৩৮ পূর্বাহ্ন

আইপিও ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্তির সুযোগ, প্রজ্ঞাপন জারি

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই দেশের পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত হওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে রোববার (১৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি বা বিদেশি মালিকানাধীন নির্দিষ্ট কোম্পানি, বড় অঙ্কের সম্পদ ও বার্ষিক টার্নওভার থাকা প্রতিষ্ঠান এবং কমিশন ঘোষিত যোগ্য কোম্পানি সরাসরি তালিকাভুক্তির সুযোগ পাবে।

যোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—

সম্পূর্ণ সরকারি মালিকানাধীন বা অন্তত ৫১ শতাংশ সরকারি মালিকানাধীন কোম্পানি;

যে কোম্পানিতে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানা রয়েছে এবং পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশ সরকারের মালিকানায়;

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন বা অন্তত ৫১ শতাংশ বিদেশি মালিকানাধীন কোম্পানি;

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী অন্তত ৫০০ কোটি টাকা নিট সম্পদমূল্যের তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি;

বছরে অন্তত ১ হাজার কোটি টাকা টার্নওভার থাকা কোম্পানি;

কমিশনে নিবন্ধিত স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি বা ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কোম্পানি; এবং

কমিশন ঘোষিত অন্যান্য যোগ্য কোম্পানি।

২০০৬ সালে সরাসরি তালিকাভুক্তির পদ্ধতি চালুর পর এ ব্যবস্থায় পাঁচটি রাষ্ট্রায়ত্ত ও পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো হলো ডেসকো, পাওয়ার গ্রিড, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও তিতাস গ্যাস। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শাইনপুকুর সিরামিকস, এসিআই ফর্মুলেশনস, নাভানা সিএনজি, ওশান কনটেইনার্স ও খুলনা পাওয়ার কোম্পানি।

এ ছাড়া ২০০৩ সালে বিশেষ বিবেচনায় বহুজাতিক কোম্পানি লাফার্জ সিমেন্টকে সরাসরি তালিকাভুক্ত করা হয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ