ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ন

মালদ্বীপে ছয় মাসে ৪৫ বাংলাদেশির মৃত্যু, উদ্বেগে প্রবাসীরা

মালদ্বীপে চলতি বছরের প্রথম ছয় মাসে ৪৫ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। যাদের অধিকাংশেরই বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। কর্মক্ষম বয়সেই একের পর এক প্রবাসীর এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে প্রবাসী কমিউনিটির মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মারা যাওয়া ৪৫ জন প্রবাসীর মধ্যে ৩৫ জনই হৃদ্‌রোগ (হার্ট অ্যাটাক) বা স্ট্রোকজনিত কারণে প্রাণ হারিয়েছেন। এছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আটজন এবং দুজন আত্মহত্যায় মারা গেছেন। মৃতদের মধ্যে ৩৫ জন বৈধভাবে এবং ১০ জন অবৈধভাবে সেখানে অবস্থান করছিলেন। তাঁদের মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে হাইকমিশন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহায়তা করেছে।

হাইকমিশনের দেওয়া এই পরিসংখ্যান প্রবাসী শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি নিয়ে বড় প্রশ্ন তুলে ধরেছে। মালদ্বীপের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে কর্মরত প্রবাসীদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত টানা ১৫-১৬ ঘণ্টা কাজ করার পরও শ্রমের তুলনায় প্রত্যাশিত বেতন না পাওয়ার অভিযোগ রয়েছে বহু কর্মীর। সেই সঙ্গে পরিবারের ভরণপোষণ, ঋণের কিস্তি শোধ ও দেশে অর্থ পাঠানোর নিরন্তর চাপ তাঁদের চরম মানসিক দুশ্চিন্তায় রাখছে।

বিশেষজ্ঞদের মতে—দীর্ঘ কর্মঘণ্টা, নিয়মিত ঘুমের অভাব, অনিয়মিত ও পুষ্টিহীন খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত মানসিক চাপ প্রবাসীদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা হৃদরোগের মতো ব্যাধিগুলো প্রাথমিক পর্যায়ে সনাক্ত না হওয়ায় এবং প্রবাসে সহজলভ্য চিকিৎসাসেবার সুযোগ সীমিত থাকায় এই ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যাচ্ছে।

প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োগকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং অসুস্থতার সময় দ্রুত চিকিৎসার সুযোগ নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে।

একই সঙ্গে চিকিৎসাবিজ্ঞানভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে এসব মৃত্যুর মূল কারণ উদঘাটন করতে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপের স্থানীয় প্রশাসন, চিকিৎসক ও প্রবাসী কমিউনিটির যৌথ উদ্যোগ গ্রহণের দাবি উঠেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ