বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের তদন্ত চলার মধ্যেই ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন পাকিস্তানের দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক। সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্টস ট্রফির সপ্তম রাউন্ডে খেলবেন তারা। তবে তদন্ত শেষ হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের তথ্য অনুযায়ী, রিজওয়ান খেলেন সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের হয়ে। অন্যদিকে, ইমাম-উল-হক খেলেন অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের হয়ে।
ইংল্যান্ড সফরে বেটিং ও জুয়া-সংক্রান্ত কর্মকাণ্ডের অভিযোগে দুজনের বিরুদ্ধে তদন্ত শুরু করে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। এ সময় তাদের মুঠোফোনও জব্দ করা হয়। পরে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের আগে তাদেরসহ সাত ক্রিকেটারকে দল থেকে সরিয়ে দেওয়া হয়। তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হারে পাকিস্তান।
তদন্তের কারণে গত মাসে শুরু হওয়া প্রেসিডেন্টস ট্রফিতে খেলতে পারেননি রিজওয়ান। তখন তার ফিটনেস পরীক্ষায় অংশ না নেওয়াকে কারণ হিসেবে উল্লেখ করা হলেও পরে তদন্তের বিষয়টি সামনে আসে। গত ২ অক্টোবর লাহোরে এনসিসিআইএর কার্যালয়ে তিন ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। তবে তদন্ত নিয়ে সংস্থাটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
রিজওয়ানের ঘরোয়া ক্রিকেটে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন এসএনজিপিএলের কোচ ও পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তিনি জানান, রিজওয়ান খেলতে প্রস্তুত থাকলে পরবর্তী ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন।

অন্যদিকে, ইমামের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন ওজিডিসিএলের ক্রীড়া বিভাগের প্রধান ফারাহ বাতুল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্দেশনা পাওয়ার পর সপ্তম রাউন্ডে খেলবেন এই ওপেনার।
এর আগে নেপাল লিগে খেলার জন্য পিসিবির অনাপত্তিপত্র চেয়েছিলেন রিজওয়ান। তবে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তাকে শুধু ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া হয়েছে।
দুজনকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হলেও তদন্তের অগ্রগতি বা নিষ্পত্তি নিয়ে পিসিবি কিংবা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে অভিযোগের তদন্ত চলমান থাকা অবস্থায় তাদের মাঠে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়ে গেছে।


















