পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে চার স্বাধীন পরিচালকের পদত্যাগের ঘটনায় ব্যাংকটির কোনো হস্তক্ষেপ ছিল না।
ব্যাংকটির চার স্বাধীন পরিচালক পদত্যাগের ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর ব্যাংকটির কাছে ব্যাখ্যা চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ওই চিঠির জবাবে ১৫ সেপ্টেম্বর ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগ দেওয়া পাঁচ স্বাধীন পরিচালকের মেয়াদ শেষ হওয়া বা প্রত্যাহারের সঙ্গে এ ঘটনা সম্পর্কিত। এতে ব্যাংকের নিজস্ব কোনো নীতিগত সিদ্ধান্ত ছিল না।
চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নির্দেশনার সঙ্গে সম্পর্কিত। ওই নির্দেশনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বিদ্যমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছিল। ওই পাঁচ পরিচালকের মধ্যে চারজন পদত্যাগ করেছেন।
তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াদুদ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আশরাফুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ।

ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে জানিয়েছে, এ বিষয়ে ব্যাংকের কোনো হস্তক্ষেপ বা নিজস্ব সিদ্ধান্ত ছিল না। বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সব সিদ্ধান্ত ও নির্দেশনা তারা পরিপালন করে।


















