ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ৫:১১ অপরাহ্ন

সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে ৬ মাসের মধ্যে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার নেবে বিনামূল্যে। আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া বিভিন্ন খাতে বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হবে, সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে এটি পর্যায়ক্রমে শুরু হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এটি সমাপ্ত হবে বলে উনি (রাষ্ট্রদূত) জানিয়েছেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘টোটাল তো ২ লক্ষ যাবে তাদের তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে।’

এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে মালয়েশিয়া নেবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আর এর বাইরে ১০ হাজার শ্রমিক তারা একদম ফ্রি নিবে, যেটাতে কোনো খরচ নেই।’

এ সময় পাশে থাকা প্রতিনিধি বলেন, ‘জিরো কস্ট।’

মালয়েশিয়ায় বাংলাদেশের ৮ লাখ নিবন্ধিত শ্রমিক রয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আনরেজিস্টার্ড কিছু শ্রমিক রয়েছেন, সেগুলো যাতে রেজিস্টার্ড হয় এ ব্যাপারে আমাদের মন্ত্রী তাকে (রাষ্ট্রদূত) অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রায় ১০ হাজার ছাত্র মালয়েশিয়াতে পড়াশোনা করে। মালয়েশিয়ারও প্রায় এক হাজার ছাত্র আমাদের দেশের ঢাকা মেডিকেল, ময়মনসিংহ মেডিকেলসহ বিভিন্ন মেডিকেলে তারা পড়াশোনা করে।’

সরকারের পক্ষ থেকে মালয়েশিয়াকে দেওয়া এলএনজি আনার জন্য চিঠি দেওয়া হয়েছিল, সে বিষয়ে কোন আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এই বিষয়ে আলোচনা হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ