ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সুদীপ্তা চক্রবর্তীর অতিথি জয়া আহসান

পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলের অন্যতম জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’। এটি সঞ্চালনা করেন টালিউড অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এবার এই শোয়ের অতিথি হিসেবে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে। জুলাই মাসের ফিনালে পর্বে বিশেষ অতিথি থাকবেন তিনি। সান বাংলায় পর্বটি প্রচারিত হবে ৩১ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গে ব্যস্ত সময় পার করছেন জয়া। ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন হলে, সরাসরি কথা বলছেন দর্শকদের সঙ্গে, বিভিন্ন গণমাধ্যমে দিচ্ছেন সাক্ষাৎকার। এর অংশ হিসেবে লাখ টাকার লক্ষ্মী লাভ গেম শোতে অংশ নিলেন জয়া।

জয়া আহসান নাচে-গানে জমিয়ে তুলবেন এই বিশেষ পর্ব। ‘আমি মিস ক্যালকাটা’, ‘লাগে উরাধুরা’-এর মতো হিট গানে নাচবেন তিনি। শুধু প্রতিযোগী বা দর্শকেরা নন, সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তীও সমানভাবে মুগ্ধ জয়া আহসানের ক্যারিশমায়। তাঁদের দুজনের আড্ডা ও গল্প পর্বটিকে আরও প্রাণবন্ত করে তুলবে। সুদীপ্তা চক্রবর্তীর পাশাপাশি চার প্রতিযোগীর সঙ্গেও গল্প জমাবেন জয়া। তাঁদের জীবনসংগ্রামের কথা শুনবেন, সাহস জোগাবেন এবং উদ্‌যাপন করবেন সাফল্যের।

চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানের সঞ্চালক সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে জয়ার আন্তরিক কথোপকথন এবং খুনসুটি এই বিশেষ পর্বকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দুজনের সহজ রসায়ন দর্শকদের জন্য বাড়তি পাওনা হতে চলেছে।

এদিকে মুক্তির পর প্রশংসিত হচ্ছে আজও অর্ধাঙ্গিনী। শুধু প্রশংসা নয়, প্রেক্ষাগৃহে ভালো ব্যবসাও করছে সিনেমাটি। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিকুয়েল। প্রধান তিন চরিত্র সুমনের ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন, তার সাবেক স্ত্রী শুভ্রার চরিত্রে চূর্ণী গাঙ্গুলী ও বর্তমান স্ত্রী মেঘনার চরিত্রে জয়া আহসান। সুমনের অসুস্থতাকে কেন্দ্র করে শুভ্রা ও মেঘনার দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনী। প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, তার বছর দুয়েক পরের ঘটনা নিয়ে তৈরি হয়েছে সিকুয়েল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ