ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

এনআরবি ব্যাংক ও থাইল্যান্ডের ফিয়াথাই ২ হাসপাতালের মধ্যে কৌশলগত চুক্তি

গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের যোগ্য পরিবারের সদস্যদের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে থাইল্যান্ডের স্বনামধন্য ফিয়াথাই ২ হাসপাতাল কোম্পানি লিমিটেড-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকার গুলশান-১-এ এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এনআরবি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) তারেক রিয়াজ খান এবং ফিয়াথাই ২ হাসপাতাল ও ফিয়াথাই ফাহোলইয়োথিন হাসপাতালের আন্তর্জাতিক বিপণন পরিচালক সোরাওং সিরিবুনপান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের যোগ্য পরিবারের সদস্যরা ফিয়াথাই ২ হাসপাতালে বিভিন্ন বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।

সুবিধাগুলোর মধ্যে রয়েছে ওষুধ ও হাসপাতালের কক্ষ ভাড়ায় ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় (চিকিৎসকের ফি ও প্রযোজ্য নয় এমন খাত ব্যতীত), বিমানবন্দর, হোটেল ও হাসপাতালের মধ্যে বিনামূল্যে যাতায়াত, চিকিৎসার আগে পরামর্শ ও ব্যয়ের প্রাথমিক তথ্য, ব্যক্তিগত এসকর্ট সেবা এবং আন্তর্জাতিক রোগী লাউঞ্জ ব্যবহারের সুযোগ।

এ ছাড়া এই অংশীদারত্বের মাধ্যমে রোগীরা চিকিৎসার প্রাথমিক পরামর্শ, চিকিৎসা পরিকল্পনা, সমন্বয়, রোগী সহায়তা এবং চিকিৎসা-পরবর্তী ফলোআপসহ ব্যক্তিকেন্দ্রিক সেবা পাবেন বলে জানিয়েছে এনআরবি ব্যাংক।

অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন, এম. রশিদুল হুদা, কার্ড বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিভাগের প্রধান মো. শফিকুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংকটির দাবি, এ ধরনের আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা সম্প্রসারণে তাদের অঙ্গীকার আরও শক্তিশালী হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ