ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। পাশাপাশি পানির তীব্র চাপে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে রাঙ্গামাটির রাজস্থলীসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে পানির তীব্র স্রোতের মুখে দুধপুকুরিয়া-পদুয়া এলাকার সেতুটি ধসে পড়ে। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে জরুরি রোগী পরিবহন থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প সড়ক না থাকায় ভোগান্তি আরও তীব্র হয়েছে।

অন্যদিকে, পানির চাপ সামলাতে না পেরে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধটি ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই আশপাশের নিম্নাঞ্চল ও রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ধসে পড়ায় দুই জেলার মানুষের চলাচল পুরোপুরি বন্ধ। এতে করে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি নিজেও পরিবার নিয়ে পানিবন্দি অবস্থায় আছে। তিনি জানান, সেতুটির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট বিভাগগুলো ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং জরুরি পুনর্বাসন কার্যক্রমের প্রস্তুতি শুরু করেছে। এদিকে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব এলাকায় নতুন করে পাহাড়ধস, জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ