ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত

টানা ভারি বর্ষণ ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে কয়েক দফায় কয়েকটি জেলার পরীক্ষা আলাদাভাবে স্থগিত করা হলেও পরিস্থিতি জটিল হওয়ায় শেষ পর্যন্ত পুরো বোর্ডের পরীক্ষাই স্থগিত করা হয়। তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

টানা দুই দিনের অতি ভারি বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রামে গত ৪২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতির কারণে বিভিন্ন স্থানে দেয়াল ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম নগরী, রাঙ্গুনিয়া, রাঙামাটি এবং কক্সবাজারে প্রাণহানির খবর পাওয়া গেছে। পাহাড়ি ঢলের কারণে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি ও রাঙামাটির মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়েছে আকাশপথ ও রেলযোগাযোগেও। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট নামতে পারেনি। অন্যদিকে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রামের ষোলোশহর স্টেশনে আটকে পড়ে।

চলতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজার জেলায়। গত দুই দিনের টানা বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোর প্রায় দুই শতাধিক স্থানে ছোট-বড় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ ছাড়া কক্সবাজার সদর, টেকনাফ, রামু, চকরিয়াসহ বিভিন্ন উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পানিবন্দী সাধারণ মানুষ ও পরীক্ষার্থীরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ