পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং মিলসের সহযোগী প্রতিষ্ঠান নিউ এশিয়া সিনথেটিকস লিমিটেড পরিশোধিত মূলধন বাড়াবে। কোম্পানিটি ৬৬ কোটি টাকা থেকে ৯০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে প্রতিটি ১০০ টাকা মূল্যে ৯০ লাখ শেয়ার ইস্যু করবে।
এভাবে সংগৃহীত অর্থ নিউএশিয়া সিনথেটিকসের অতিরিক্ত কৌশলগত জমি ক্রয়, আনুষঙ্গিক বিনিয়োগ এবং অন্যান্য উদ্দেশ্য ও দায়বদ্ধতা পূরণের কাজে ব্যবহার করা হবে। এনএসএল-এর পরিচালনা পর্ষদ মালেক স্পিনিংয়ের কাছে ২৩ কোটি ৮৩ লাখ ৩ হাজার ২০০ টাকা মূল্যের আনুপাতিক হারে অতিরিক্ত শেয়ারের প্রস্তাব দিয়েছে এবং এমএসএম-এর পরিচালনা পর্ষদ এনএসএল-এর এই প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে শেয়ার ধারণের হার অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ৯৯.২৯৩ শতাংশ।
কোম্পানিটি জানায়, মালেক স্পিনিং তার অভ্যন্তরীণ তহবিল থেকে উপরোক্ত সহযোগী প্রতিষ্ঠানের প্রস্তাবিত অতিরিক্ত শেয়ার ইস্যুগুলোতে অর্থায়ন করবে। নিউএশিয়ার প্রস্তাবিত মূলধন পুনর্গঠন এবং তাদের ঋণ পরিশোধ, এবং ক্ষেত্র অনুযায়ী অতিরিক্ত জমি ও আনুষঙ্গিক বিনিয়োগের জন্য অর্থ প্রদানের ফলে সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক শৃঙ্খলা ও অর্থনৈতিক কার্যক্রম প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যায়।

উল্লেখ্য যে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে গ্যাস সরবরাহ না পাওয়ার কারণে, ২০১০ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত মালেক স্পিনিংয়ের বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত এনএসএল (NSL) প্রকল্পটির বাস্তবায়ন স্থগিত রাখা হয়েছিল। তবে ভৌগোলিক সংলগ্নতা, অবস্থান এবং নিরাপত্তার বিষয় বিবেচনায় এনএসএল-কে চুক্তিবদ্ধ কিছু কৌশলগত জমি কেনা অব্যাহত রাখতে হয়েছিল; আর ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নের জন্য এর জন্য অতিরিক্ত তহবিলের প্রয়োজন হবে।
বিজনেস আই/


















