ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

আইসিএসবি কর্তৃক “Sustainability Reporting: Regulations & Way Forward” শীর্ষক সেমিনার আয়োজিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) ১৩ জুন ২০২৬ তারিখে ঢাকার বিআইএম অডিটোরিয়ামে “Sustainability Reporting: Regulations & Way Forward” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারের উদ্দেশ্য ছিল সাসটেইনেবিলিটি রিপোর্টিং, ইএসজি প্র্যাকটিস এবং এতদসংক্রান্ত পরিবর্তনশীল নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে সচেতনতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধি করা।

আইসিএসবির প্রেসিডেন্ট জনাব হোসেন সাদাত এফসিএস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং রেসপন্সিবল বিজনেস কন্ডাক্টের প্রয়োগের মাধ্যমে টেকসই প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি Organisation for Economic Co-operation and Development (OECD) ও International Labour Organization (ILO)-এর নীতিমালার উল্লেখ করে সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্ড গ্রহণ, বাধ্যতামূলক রিপোর্টিং এবং অ্যাস্যুরেন্স সার্টিফিকেশনের ক্রমবর্ধমান গুরুত্বের ওপর আলোকপাত করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাসটেইনেবিলিটি ও ইএসজি প্রফেশনাল জনাব মীর সাজেদ উল বাশার এফসিএ। তিনি বৈশ্বিক পরিমণ্ডলে সাসটেইনেবিলিটি রিপোর্টিংয়ের বিকাশ, দীর্ঘমেয়াদি মূল্য প্রবৃদ্ধি, করপোরেট সুশাসন এবং স্টেকহোল্ডারদের আস্থা বৃদ্ধিতে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি সাসটেইনেবিলিটি রিপোর্টিং, ঝুঁকি প্রশমন ও সামাজিক চাহিদা মোকাবিলায় কোম্পানি সেক্রেটারীদের ক্রমবর্ধমান ভূমিকার বিষয়টিও তুলে ধরেন।

আইসিএসবি-এর সাসটেইনেবিলিটি ও ইএসজি সাব-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ফিরোজ ইকবাল ফারুকী এফসিএস ব্যবসায়িক কার্যক্রমে আস্থা, পেশাদারিত্ব, নৈতিকতা এবং সাসটেইনেবিলিটির গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মিস নুজহাত আনোয়ার। তিনি বলেন বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সাসটেইনেবিলিটি ও ইএসজি কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক জনাব চৌধুরী লিয়াকত আলী। তিনি টেকসই অর্থায়ন উদ্যোগ, IFRS S1 ও S2 বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে মতামত ব্যক্ত করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর চেয়ারম্যান ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূইয়া। তিনি কর্পোরেট জবাবদিহিতা, স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সাসটেইনেবিলিটি রিপোর্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে সভাপতিত্ব করেন আইসিএসবির সেমিনার ও কনফারেন্স সাব-কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ শওকত ইকবাল এফসিএস এবং সেমিনারটি সঞ্চালনা করেন ড. মীর শরিফুল বাশার এফসিএস। আইসিএসবির সদস্যবৃন্দ ও কর্পোরেট নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সমাপ্ত হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ