ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিএসইসির নতুন চেয়ারম্যান হলেন মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও মাসুদ খান। আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ তথ্য।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ হতে চার বছরের জন্য মাসুদ খানকে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। তার বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

অন্যদিকে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক সিএফএ, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের ফাইনান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান। কমিশনারের একটি পদে আপাতত শুন্য থাকছে। কয়েকদিন পরে এ পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে আজ সকালে বিএসইসির চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। কমিশনাররা হচ্ছেন, মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ