ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৯:২৮ অপরাহ্ন

অভিনেতা দিলু মজুমদারের ইন্তেকাল

দিলু মজুমদার আরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য। বুধবার (২০ মে) রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‎তার পরিবারের সদস্যরা জানায়, দিলু মজুমদার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‎

দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন দিলু মজুমদার।

‎আরণ্যকের সদস্য নাট্যকার ও নাট্যাভিনেতা অপু মেহেদী জানান, দিলু মজুমদারের প্রথম জানাজা বৃহস্পতিবার (২১ মে) বাদ জোহর এয়ারপোর্ট কার্গো অ্যাসোসিয়েশন ভবনের সামনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে উত্তরা ৪ নম্বর সেক্টরের জামতলা ঈদগাহ মাঠে। এরপর তাকে উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হবে।

‎আশির দশকের শুরুতে দিলু মজুমদার আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হন। এরপর থেকে তিনি নিয়মিত মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। তিনি একাধিকবার আরণ্যক নাট্যদলের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

‎আরণ্যক নাট্যদলে তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো- ইবলিশ, পাথর, অববাহিকা, গিনিপিগ, খেলা খেলা, জয়জয়ন্তী, ময়ূর সিংহাসন, সঙক্রান্তি।

‎তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ