ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ হস্তান্তর করল পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ স্থানীয় পুলিশের পক্ষ থেকে সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম মোর্তোজা জানান, জামিল লিমনের মরদেহ হস্তান্তরের বিষয়ে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সাথে ষষ নিবিড় যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতেই মরদেহ গ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরদেহ হস্তান্তরের আগে লিমনের পরিবারের কাছ থেকে যথাযথ সম্মতিও নেওয়া হয়েছে।

লিমনের মরদেহ দেশে পাঠানোর আগে যাবতীয় ধর্মীয় রীতি ও জানাজা সম্পন্ন করা হবে। গোলাম মোর্তোজা তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে, লিমনের শেষ বিদায়ে মুসলিম রীতি পুরোপুরি অনুসরণ করা হবে। সকল প্রশাসনিক ও এয়ারলাইনস সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হতে আরও অন্তত দুই-এক দিন সময় লাগতে পারে। এরপরই লিমনের মরদেহ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও তার বন্ধু নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। এর কয়েকদিন পর টাম্পার একটি ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তাদের রুমমেট হিশাম আবুঘরবিহকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

লিমনের মরদেহ পাওয়া গেলেও নিখোঁজ নাহিদা বৃষ্টির বিষয়ে অনুসন্ধান এখনো অব্যাহত রয়েছে। যদিও স্থানীয় কিছু সূত্র খণ্ডিত মরদেহ উদ্ধারের খবর দিয়েছে, তবে সেটি বৃষ্টির কি না তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে কর্তৃপক্ষ। বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে নিয়মিত মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ