ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১:০০ অপরাহ্ন

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে সহযোগিতার আশ্বাস ইরানের

ঢাকায় ইরান দূতাবাস জানিয়েছে, গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা প্রচেষ্টা অব্যাহত রাখবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে দূতাবাস এ আশ্বাস দেয়।

বিবৃতিতে বলা হয়, ইরান ও বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। একই সঙ্গে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে ইরান দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছে ইরান দূতাবাস।

দূতাবাস আরও জানায়, তুরস্কের আন্তালিয়া ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের বৈঠক দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া বাংলাদেশ মধ্যপ্রাচ্য সংকটে যে ভারসাম্যপূর্ণ ও কূটনৈতিক অবস্থান নিয়েছে, তার প্রশংসা করেছে ইরান।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশের শোকবার্তা এবং সংসদে শোকপ্রস্তাব গ্রহণকে ইরান আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।

রেড ক্রিসেন্টের মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্তকেও প্রশংসা করা হয়।

দূতাবাস জানায়, সম্প্রতি আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবর্তনে সহায়তা করা হয়েছে।

সবশেষে ইরান দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ