ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১:০৩ অপরাহ্ন

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, ২ বোন গুলিবিদ্ধ

রাঙামাটির কুতুকছড়ি এলাকায় ধর্মসিং চাকমা নামে এক ইউপিডিএফ কর্মী নেতা নিহত হয়েছে। তার পিতার নাম ধনঞ্জয় চাকমা। তিনি ইউপিডিএফের রাজনীতির সাথে জড়িত বলে নিশ্চিত করছেন স্থানীয়রা। এইসময় নিহতের দুইবোনও গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে জানা গেছে। নিহত ধর্মসিং চাকমা ইউডিএফ এর সহযোগি সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো এলাকাবাসীর বরাতে জানিয়েছে, শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ছয়টার দিকে কুতুকছড়ি উপরপাড়া এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত ধর্মসিং এর বাসায় এসে তাকে ডেকে ঘর থেকে বের হওয়ার জন্য বলে, বিপদ বুঝতে পেরে ধর্মসিং দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এই সময় বেপরোয়া গুলিতে তার দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করলে আহতদের হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। দুই নারীরই হাতে গুলিবিদ্ধ হয়েছেন।

কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসিমউদ্দিন জানিয়েছেন, ঘটনাটি আমরা শুনেছি। শোনার পর ওই এলাকার উদ্দেশে রওনা হয়েছি। সেখানে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারব।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানিয়েছেন, হাতে গুলিবিদ্ধ দুইজন নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিলো, তারা চিকিৎসা নিয়ে আবার চলে গেছেন।

এদিকে এই হত্যাকান্ডের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে ইউপিডিএফ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ