ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন

উইকেট শিকারে গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেলেন নাথান লায়ন

অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়ন টেস্ট ক্রিকেটে উইকেট শিকারিদের সর্বকালের তালিকায় কিংবদন্তি স্বদেশি গ্লেন ম্যাকগ্রাকে পেছনে ফেলেছেন। আজ বৃহস্পতিবার অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে দুটি উইকেট নিয়ে এই কীর্তি গড়েন ৩৮ বছর বয়সী লায়ন।

ইনিংসের দশম ওভারে নিজের করা তৃতীয় বলেই ইংল্যান্ডের অলি পোপকে মিড উইকেটে ক্যাচ আউট করে ম্যাকগ্রাকে স্পর্শ করেন এই স্পিনার। আর শেষ বলে বেন ডাকেটকে বোল্ড করে নিজের টেস্ট ক্যারিয়ারের ৫৬৪তম উইকেট নেন লায়ন। এর ফলে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় তিনি উঠে যান ষষ্ঠ স্থানে।

অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে লায়নের সামনে এখন কেবল প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন, যার সংগ্রহ ৭০৮ উইকেট। বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে লায়নই সর্বোচ্চ অবস্থানে আছেন। আর স্পিনারদের তালিকায় তিনি আছেন ৪র্থ স্থানে।

অ্যাডিলেড ওভালে এখন পর্যন্ত ৬৫ উইকেট নিয়ে এই ভেন্যুতেই সর্বোচ্চ উইকেটশিকারি লায়ন। চলতি টেস্টে দলে ফিরেই এমন সাফল্য পাওয়াকে ‘ছোট্ট এক রূপকথা’ বলে অভিহিত করেন লায়ন। এর আগে ব্রিসবেনের দিন–রাতের টেস্টে বাদ পড়ায় তিনি হতাশ ছিলেন। অ্যাডিলেড ওভালেই নিজের প্রথম টেস্ট খেলার স্মৃতি টেনে লায়ন বলেন, এই মাঠে ম্যাকগ্রাকে ছাড়িয়ে যাওয়া তার জন্য বিশেষ কিছু।

ইনিংস বিরতিতে ম্যাকগ্রাও প্রশংসা করেছেন লায়নের। তিনি বলেন, ‘লায়ন অসাধারণ একজন বোলার এবং অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে আসছেন। শেন ওয়ার্নের পর অস্ট্রেলিয়ার সেরা স্পিনার হিসেবে ইতিহাসে জায়গা করে নেবেন লায়ন।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ