বিদায়ী সপ্তাহে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীরা কিছুটা সস্তিতে সময় পার করেছে। সপ্তাহের বেশিরভাগ সময় মূল্য সূচকের উত্থান থাকায় সপ্তাহ শেষে ইতিবাচক রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক। সপ্তাহজুড়ে ডিএসই প্রধান মূল্য সূচক বেড়েছে ৭১.১৭ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ।
ডিএসইর বাজার মূলধনেও রয়েছে ইতিবাচক প্রভাব। চলতি সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৬০৬ কোটি ৬২ লাখ টাকার বাজার মূলধন ফিরেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫০ হাজার ৫৯১ কোটি ৩৭ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৪৬ হাজার ৯৮৪ কোটি টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ৫৬ শতাংশ বা ৩ হাজার ৬০৬ কোটি ৬২ লাখ টাকা।
তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও তলানিতে নেমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে ৯৬৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৮১ কোটি ৩১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬১৭ কোটি ২৬ লাখ টাকার লেনদেন কমেছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৭১ দশমিক ১৭ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৭০৯ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩২.৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়াহ সূচক। সূচকটি ১৭ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৯টির, কমেছে ১০৪টির এবং অপরবর্তিত রয়েছে৬১ টির।


















