অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অবিলম্বে অপসারণ দাবি করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন।
বুধবার (৪ জুন) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি এস এম ইকবাল হোসাইন বলেন, “শেয়ারবাজার ধ্বংসে এই দুইজন আজরাইল হিসেবে এসেছেন। তাদের অপসারণই হবে বিনিয়োগকারীদের জন্য ঈদের সবচেয়ে বড় উপহার।”
তিনি অভিযোগ করেন, রাশেদ মাকসুদ অ্যাসোসিয়েশনকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে না দিয়ে আওয়ামী স্বৈরাচারী শাসনের দোসর হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। তবে বাস্তবে তিনি ও অর্থ উপদেষ্টা নিজেরাই সেই স্বৈরাচারের অনুগত হিসেবে প্রমাণিত হচ্ছেন বলে দাবি করেন তিনি।
ইকবাল হোসাইন বলেন, “বর্তমান বাজেটে শেয়ারবাজারের জন্য কিছুই রাখা হয়নি—এ যেন ‘অশ্বডিম্ব’। এই বাজেট ঘোষণার পরপরই বাজারে ধস দেখা দেয়। অথচ বিএসইসি, ডিএসই ও সিএসই বাজারবান্ধব বাজেট বলে প্রচারণা চালাচ্ছে, যা আমাদের কাছে নিছক দালালি।”
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, শেয়ারবাজারে আস্থার সঙ্কট টাকা নয়, নেতৃত্ব ও নীতির ব্যর্থতার ফসল। আস্থা ফিরলে বাজারে অর্থের অভাব হবে না।

সংগঠনটি তাদের দাবির মধ্যে ক্যাপিটাল গেইন ট্যাক্স বাতিল, অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ পুনঃপ্রতিষ্ঠা এবং যারা ৫০ শতাংশের বেশি লোকসানে রয়েছেন, তাদের আইসিবি’র মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাবও উত্থাপন করে।


















