বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মূল আকর্ষণ বিদেশি তারকা ক্রিকেটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যেখানে বিদেশি তারকাদের দলে ভেড়াতে হিমশিম খাচ্ছে, সেখানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবার এক অভিনব উদ্যোগে তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে।
ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন, ফিন অ্যালেন, ড্যারিল মিচেলসহ নামী তারকারা থাকছেন পিএসএলের এবারের আসরে। তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গঠন করেছে ১০ লাখ ডলারের (প্রায় ১২ কোটি ১৬ লাখ টাকা) বিশেষ তহবিল।
কীভাবে কাজ করবে তহবিল?
পিসিবির এই তহবিল থেকে প্লাটিনাম ক্যাটাগরির ছয় বিদেশি খেলোয়াড়ের প্রত্যেককে ১ লাখ ডলার প্রদান করা হবে। এ আর্থিক প্রণোদনা বোর্ডের পক্ষ থেকে অতিরিক্ত সুবিধা হিসেবে দেওয়া হবে।
উদাহরণস্বরূপ, করাচি কিংস ড্রাফট থেকে ডেভিড ওয়ার্নারকে ২ লাখ ডলারে দলে ভিড়িয়েছে। এর সঙ্গে পিসিবি যোগ করবে আরও ১ লাখ ডলার। ফলে ওয়ার্নার এবারের আসরে ৩ লাখ ডলার পারিশ্রমিক পাবেন।
পিএসএলে বেতন রেকর্ড
পিসিএলের এই পদক্ষেপের ফলে কেইন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নারের মতো খেলোয়াড়েরা হবেন টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ বেতনের খেলোয়াড়। এর আগে কাইরন পোলার্ড ২.৫ লাখ ডলার এবং এবি ডি ভিলিয়ার্স ২.৩ লাখ ডলারে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়রা
১. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
২. কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
৩. ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)
৪. ফিন অ্যালেন (নিউজিল্যান্ড)
৫. ম্যাথু শর্ট (অস্ট্রেলিয়া)
৬. শন অ্যাবট (অস্ট্রেলিয়া)
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ পিএসএলের জনপ্রিয়তা ও মান আরও বাড়াবে, পাশাপাশি লিগটি বিশ্ব ক্রিকেটে আরও শক্ত অবস্থান তৈরি করবে।


















