ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন

বিজয়ের সেঞ্চুরিতে বিপিএলে নতুন ইতিহাস

শেষ ওভারে ১৭ রানের সমীকরণ। রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়ের সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল ৯ রান। খুলনা টাইগার্সের পেসার হাসান মাহমুদের করা ওভার থেকে ঠিক ৯ রানই তুলে নেন বিজয়। ৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় সাজানো অনবদ্য ১০০ রানের ইনিংস দিয়ে বিজয় নিজের প্রথম বিপিএল সেঞ্চুরি পূর্ণ করলেন।

তবে দল জিততে পারেনি। মাত্র ৮ রানের ব্যবধানে রাজশাহী পরাজিত হলেও বিজয়ের সেঞ্চুরি ইতিহাস গড়েছে। এটি চলতি বিপিএলের ৭ম সেঞ্চুরি, যা এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির নতুন রেকর্ড। এর আগে ২০১৯ বিপিএলে এক আসরে সর্বোচ্চ ৬ সেঞ্চুরির রেকর্ড ছিল।

বিপিএল ২০২৫-এর প্রথম সেঞ্চুরি আসে চিটাগাং কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খানের ব্যাট থেকে। ১২৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি। এরপর একে একে সেঞ্চুরি করেন থিসারা পেরেরা, অ্যালেক্স হেলস, লিটন দাস, তানজিদ হাসান তামিম, গ্রাহাম ক্লার্ক এবং সবশেষ এনামুল হক বিজয়।

এখনও বিপিএলের ২০২৫ আসরে ২০টি ম্যাচ বাকি। রেকর্ডের বইয়ে আরও নতুন চমক যোগ হবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ