ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন অনিশ্চয়তায়, ভেন্যু প্রস্তুত না হওয়া নিয়ে শঙ্কা

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। কিন্তু টুর্নামেন্টের জন্য নির্ধারিত পাকিস্তানের তিন ভেন্যুর প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামগুলো এখনো ম্যাচ আয়োজনের উপযোগী নয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত বছরের আগস্টে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু করেছিল। ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও, তা এখনো অনেকটাই বাকি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের প্লাস্টারের কাজ শেষ হয়নি, করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামও এখনো প্রস্তুত নয়। ফ্লাডলাইট, গ্যালারি, আউটফিল্ডসহ অন্যান্য অবকাঠামোর কাজ অসম্পূর্ণ।

তড়িঘড়ি করেও যথাসময়ে স্টেডিয়ামগুলো প্রস্তুত করতে না পারলে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের দায়িত্ব হারানোর শঙ্কা রয়েছে। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ভেন্যু পরিবর্তন করেছে পিসিবি। সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে আইসিসির চাপ। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে তিনটি ভেন্যু আইসিসির কাছে বুঝিয়ে দিতে হবে।

উল্লেখ্য, ৮ জাতির এই টুর্নামেন্টের ম্যাচগুলোর মধ্যে ভারতের সব খেলা হবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৯ মার্চ। পাকিস্তান স্টেডিয়ামগুলো সময়মতো প্রস্তুত করতে না পারলে, দেশের মাটিতে এত বড় একটি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ হাতছাড়া হতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ