স্প্যানিশ কোপা দেল রেতে ডেপোর্তিভা মিনেরার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে ৫-০ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সোমবার (৬ জানুয়ারি) কার্টাগোনোগায় প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচে লস ব্লাঙ্কোরা দুর্দান্ত খেলায় দর্শকদের মুগ্ধ করে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা রিয়াল মাত্র ৫ মিনিটেই প্রথম গোল পায় ফেডেরিকো ভালভার্দের শটে। এরপর ১৩ মিনিটে এডুয়ার্ডো কামাভিঙ্গার দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করে তারা।
তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার ছিলেন রিয়ালের জয়ের অন্যতম নায়ক। ম্যাচের ২৮ মিনিটে প্রথমবার এবং ৮৮ মিনিটে দ্বিতীয়বার গোল করে নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি। মাঝখানে ৫৫ মিনিটে দলের পক্ষে আরেকটি গোল করেন অভিজ্ঞ ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ।
রিয়ালের গোলের সংখ্যা আরও বাড়তে পারতো, তবে মিনেরার গোলরক্ষক ফ্রান মার্টিনেজ বেশ কিছু শট ঠেকিয়ে দেন। তবুও ৫-০ গোলের বড় জয় নিয়ে সন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
রিয়াল মাদ্রিদ এই জয়ের মাধ্যমে প্রমাণ করেছে কেন তারা ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা দল। কোপা দেল রেতে তাদের পরবর্তী ম্যাচেও ভক্তরা একই রকম পারফরম্যান্সের প্রত্যাশা করছে।



















