ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ২:১৬ পূর্বাহ্ন

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ভ্যাট মওকুফ

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের উন্নয়ন ও গ্রিন শিপ ইয়ার্ডে রূপান্তরের লক্ষ্যে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং এটি ২০২৫ সালের ২৬ জুন পর্যন্ত বহাল থাকবে।

পরিবেশবান্ধব শিল্পে রূপান্তরের উদ্যোগ

বুধবার (১১ ডিসেম্বর) এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের মধ্যে দেশের সব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ডকে পরিবেশবান্ধব গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ডে উন্নীত করতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ের পর নতুন জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের অনুমতি দেওয়া হবে না।

শর্তসাপেক্ষ ভ্যাট অব্যাহতি

এই সুবিধা পেতে আমদানিকৃত মূলধনী যন্ত্রপাতি শুধুমাত্র শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ডে ব্যবহারের জন্য নির্ধারিত থাকতে হবে। আমদানির সময় শিল্প মন্ত্রণালয়ের উপসচিব বা তদুর্ধ্ব কর্মকর্তার প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

এছাড়া আমদানি করা যন্ত্রপাতি পাঁচ বছরের আগে বিক্রি বা হস্তান্তর করা যাবে না। যদি পাঁচ বছরের মধ্যে এটি বিক্রি বা হস্তান্তর করা হয়, তাহলে রেয়াতি সুবিধা বাতিল হবে এবং আদায়যোগ্য ভ্যাট পরিশোধ করতে হবে।

তদারকির নির্দেশনা

যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে এবং বিক্রির নিষেধাজ্ঞা পর্যবেক্ষণে সংশ্লিষ্ট মূসক বিভাগ ও রাজস্ব কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, আমদানিকারকদের তিনশ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা জমা দিতে হবে, যাতে তারা এই শর্ত পূরণের প্রতিশ্রুতি দেন।

এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানসম্পন্ন পরিবেশবান্ধব শিল্প হিসেবে গড়ে তোলার পথে আরেক ধাপ এগিয়ে যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ