নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের প্রভাবে ইউরোজোনের সুদহার ‘জরুরি স্তরে’ নামিয়ে আনতে হতে পারে বলে সতর্ক করেছে প্যাসিফিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি (পিমকো)।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির দাবি, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি বাস্তবায়িত হলে ইউরোপের অর্থনীতি মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। এরই ফলস্বরূপ ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) সুদহার আরও কমিয়ে দিতে বাধ্য হতে পারে।
পিমকোর গ্লোবাল ফিক্সড ইনকাম বিভাগের প্রধান বিনিয়োগ কর্মকর্তা অ্যান্ড্রু বলস বলেন, “ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে ইউরোপে পরিস্থিতি কঠিন হতে পারে। তবে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হওয়ার আশা করছি।”
বাণিজ্যযুদ্ধের প্রভাব ইউরোপীয় বাজারে বড় ধরনের ক্ষতির সৃষ্টি করেছে। রফতানিকারকদের জন্যও এই পরিস্থিতি অনিশ্চয়তা তৈরি করেছে। আর এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা আশা করছেন, ইসিবি সুদহার কাটছাঁটের ক্ষেত্রে আরও তৎপরতা দেখাবে।
সেপ্টেম্বরের পর থেকেই ইউরোর বিনিময় হার ৫ শতাংশের বেশি কমে গিয়ে ১ ডলার শূন্য ৬ সেন্টে নেমে এসেছে।

বিশ্ব অর্থনীতির নজর এখন ইউরোজোনের সুদহার পরিবর্তনের দিকে।


















