ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন

৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। রোববার (৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খান।

ইসি কন্ট্রোল রুম থেকে আরো জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩৭ স্থানে অনিয়মের ঘটনা (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়মের ঘটনায় ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে চট্টগ্রামের এক নারী চেয়ারম্যান রয়েছেন।

এদিকে রোববার (৭ জানুয়ারি) সকাল আটটা থেকে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

২৯৯ আসনে মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ, ৩৩ হাজার ১৫৭। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০। হিজড়া ভোটারের সংখ্যা ৮৪৮।

সারাদেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

নির্বাচন কমিশনের মোট নিবন্ধিত দলের সংখ্যা ৪৪। এর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। বিএনপিসহ নিবন্ধিত বাকি দল এবং আরও কিছু বিরোধী দল নির্বাচন বর্জন করেছে।

এবারের নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ৯৬৯। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৩ আর স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ৪৩৬।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশি ২০ হাজার ৭৭৩ পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে। আর এ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক ১১৭ জন। আর আমন্ত্রিত আছেন ৩২ জন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ