ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ভারত থেকে ৬২ হাজার ডিম আমদানি

ডিম আমদানির অনুমতি পাওয়ার পর প্রথমবারের মতো বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৬১ হাজার ৯৫০টি মুরগির ডিম এসেছে। গতকাল রোববার সন্ধ্যায় আমদানি করা ডিমগুলো বন্দরের ৩১ নম্বর শেডে রাখা হয়।

বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার ওথেলো চৌধুরী জানান, সন্ধ্যায় দুটি ট্রাকে বন্দরে ডিমগুলো আসে। পরীক্ষা ও ট্যাক্স পরিশোধের পর যত তাড়াতাড়ি সম্ভব ডিম ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেন, আমদানি করা ডিমের চালানের দাম ২ হাজার ৯৫৬ ডলার ৪০ সেন্ট। সে হিসাবে এক ডজন ডিমের দাম ৫৪ সেন্ট।

বাংলাদেশি মুদ্রায় প্রতিটি ডিমের দাম পরেছে ৪ টাকা ৯৫ পয়সা।

এ ছাড়া, প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যে ৩৩ শতাংশ কর হিসেবে যোগ হবে ১ টাকা ৬৬ পয়সা।

সব মিলিয়ে প্রতিটি ডিমের আমদানি মূল্য দাঁড়াবে ৬ টাকা ৬১ পয়সা।

ঢাকার পশ্চিম রামপুরা এলাকার বাংলাদেশি আমদানিকারক বিডিএস করপোরেশন মোট ১ কোটি ডিম আমদানির অনুমতি পেয়েছে। এর মধ্যে গতকাল মাত্র ৬১ হাজার ৯৫০টি ডিম আমদানি হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ধীরে ধীরে এক কোটি ডিম আসবে দেশে।

এর আগে গত অক্টোবরের শুরুতে দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে ১৫টি প্রতিষ্ঠানকে মোট ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। তবে অনুমতি পেয়েও নানান জটিলতায় দীর্ঘদিন ডিম আমদানি না করতে পারলেও গতকাল তা শুরু হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ