প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি বাংলাদেশে বিওয়াইডি ব্র্যান্ডের গাড়ি আমদানি ও বাজারজাত করবে। কোম্পানিটি ইতোমধ্যে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোং’-এর সাথে অংশীদারিত্বের বিষয়টি এগিয়ে নিচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কোম্পানিটির বোর্ড সভায় বিওয়াইডি এর সাথে তাদের ‘মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এগ্রিমেন্ট’ এর আওতায় পরবর্তী কর্মপরিকল্পনা অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চুক্তি অনুযায়ী, রানার বিওয়াইডি এর সাথে একটি টেকনিক্যাল লাইসেন্স চুক্তি স্বাক্ষর করবে এবং সম্পূর্ণ প্রস্তুত বা সিবিইউ অবস্থায় বিওয়াইডি-র যানবাহন আমদানি ও বাজারজাত করবে।
কোম্পানিটি জানিয়েছে যে, এই উদ্যোগের লক্ষ্য হলো প্রয়োজনীয় বিতরণ নেটওয়ার্ক গড়ে তোলা এবং প্রস্তাবিত প্রকল্পটির জন্য প্রস্তুতি নেওয়া।

বিওয়াইডি হলো চীনের অন্যতম শীর্ষস্থানীয় পরিচ্ছন্ন শক্তি (clean energy) বিষয়ক প্রতিষ্ঠান, যা মূলত বৈদ্যুতিক গাড়ি (EV), ব্যাটারি এবং নবায়নযোগ্য শক্তি-সংক্রান্ত সমাধানের জন্য পরিচিত। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি বর্তমানে বৈদ্যুতিক গাড়ির বাজারে একটি বৈশ্বিক শক্তিতে পরিণত হয়েছে এবং টেসলার মতো প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করছে। বিওয়াইডি গাড়ি, বাস ও ট্রাক উৎপাদনের পাশাপাশি উন্নত মানের লিথিয়াম ব্যাটারিও তৈরি করে থাকে।
কোম্পানিটি এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকা জুড়ে দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং টেকসই পরিবহন ব্যবস্থায় বিশ্বব্যাপী রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জানা গেছে, রানার এমন একটি উদ্যোগের প্রস্তুতি নিচ্ছিল। ২০২৫ সালের মে মাসে কোম্পানিটি মাগুরার শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকায় তাদের বিদ্যমান কারখানার কাছাকাছি এলাকায় জমি অধিগ্রহণ করে; উদ্দেশ্য ছিল কোনো বিদেশি অংশীদারের সহায়তায় সেখানে একটি যানবাহন উৎপাদন কারখানা স্থাপন করা।
বাজাজ থ্রি-হুইলার উৎপাদনের জন্য প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে অটোমোবাইল বা যানবাহন উৎপাদনের ক্ষেত্রে রানারের ইতিমধ্যেই অভিজ্ঞতা রয়েছে। নিজস্ব দুই-চাকার যানবাহনের পাশাপাশি কোম্পানিটি আইশার (Eicher) ট্রাক ও বাস, কেটিএম (KTM) মোটরসাইকেল এবং ভেসপা (Vespa)-র মতো বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যও বাজারজাত করে থাকে।
বিজনেস আই/


















