সউদী আরবের রিয়াদে মিনি ট্রাক-বাস সংঘর্ষে রাকিবুল ইসলাম রাকিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) সৌদি আরব স্থানীয় সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাকিবুল ইসলাম রাকিব ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের আঠারদানা গ্রামের আবুল কালামের ছেলে। নিহতের ছোট ভাই মোঃ জহিরুল ইসলাম বলেন, আমার ভাই সাত বছর আগে সৌদি আরব যান। সেখানে তিনি গাড়ি চালাতেন। প্রতিদিনের মতো গাড়ি চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মারা যান। আমরা খুব তাড়াতাড়ি ভাইয়ের মরদেহ দেশে আনতে সবার সহযোগীতা কামনা করছি। প্রবাসী রাকিবের মৃত্যুর খবরে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


















