ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা চালু করেছে। মঙ্গলবার (২২ জুলাই) থেকে এ সেবা কার্যকর হয়েছে। একইসঙ্গে সাধারণ ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা অনলাইনে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন। এতে দেশের করদাতাদের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে করসেবা গ্রহণের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে মনে করছে রাজস্ব বোর্ড।

এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, সব সাধারণ ব্যক্তিশ্রেণির করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, সনদপত্র সাপেক্ষে শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক চাইলে কাগজে (পেপার) রিটার্ন জমা দিতে পারবেন।

এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে কোনও সাধারণ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

এনবিআর জানায়, www.etaxnbr.gov.bd⁠ পোর্টালের মাধ্যমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। একইসঙ্গে সঠিক তথ্য দিয়ে অনলাইনে রিটার্ন প্রস্তুত ও জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র এবং আয়কর সনদ সংগ্রহ করা যাবে।

ই-রিটার্ন দাখিলে কোনও সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

এদিকে ২০২৬-২০২৭ করবর্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে নতুন প্রণোদনার ঘোষণা দিয়েছে এনবিআর। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতারা নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা পাবেন, যার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।

অন্যদিকে সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনা পাওয়া যাবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করতে করদাতাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ