বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিজনেস শো ‘শার্ক ট্যাংক’ শুরু হচ্ছে বাংলাদেশে। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ ‘সনি এন্টারটেইনমেন্ট’ এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তির আওতায় বিশ্বের ৪০টিরও বেশি দেশের পাশাপাশি এখন বাংলাদেশেও ‘শার্ক ট্যাংক’ প্রচারিত হবে। শো এর টাইটেল স্পন্সর ‘রবি’ এবং পাওয়ারড বাই পার্টনার ‘স্টার্টআপ বাংলাদেশ’।
‘শার্ক ট্যাংক’ এ উদ্যোক্তারা বিভিন্ন ইউনিক বিজনেস আইডিয়া বিনিয়োগকারী বা ‘শার্ক’ দের সামনে উপস্থাপন করে এবং আইডিয়া পছন্দ হলে শার্করা নগদ অর্থ বিনিয়োগের মাধ্যমে চুক্তি করেন। উদ্যোক্তারা কোন নতুন পণ্যের প্রোটোটাইপ বা বাজারে বিদ্যমান পণ্য, পরিষেবা, কিংবা প্রতিষ্ঠানের আর্থিক বিকাশের লক্ষ্যে তাদের আইডিয়ার মাধ্যমে ৫ জন ‘শার্ক’ কে বিনিয়োগের জন্য রাজি করার চেষ্টা এবং ব্যবসায়িক উন্নয়নের সুযোগ পাবে।
বিশ্বব্যাপি এই শো এর মাধ্যমে শার্করা নিজেরাও একেকজন সফল উদ্যোক্তা, এ পর্যন্ত ৬০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছে এবং অসংখ্য প্রতিষ্ঠানকে সাফল্য অর্জনে সাহায্য করেছে। উদ্যোক্তারা, যারা ‘শার্ক’ ইকোসিস্টেমে সংযুক্ত হয়েছে তারা ‘শো’টিতে প্রদর্শিত হয়ে বিভিন্ন ডিল পাওয়ার মাধ্যমে ব্যাপক লাভবান হয়েছে এবং তাদের সম্মিলিত বিক্রয়ের পরিমাণ কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ‘বঙ্গ’ দেশের বিভিন্ন ইন্ড্রাস্ট্রি থেকে সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়িদের নিয়ে শো এর শার্ক প্যানেল নির্বাচিত করেছে, যা পরবর্তীতে ঘোষণা করা হবে।
আইসিটি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “এই অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি আনন্দিত। শীর্ষ মানের উদ্যোক্তাদের ব্যবসায়ে বিনিয়োগ করতে এবং দেশের ভবিষ্যত প্রজন্ম তরুণদের সহায়তায় স্টার্টআপ বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এই শো উদ্যোক্তাদের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম, যেখানে তারা বিনিয়োগকারীদের কাছ থেকে পরামর্শ ও সম্ভাব্য বিনিয়োগ লাভের মাধ্যমে ব্যবসায় উন্নতি করতে পারবে।”

এ প্রসঙ্গে বঙ্গ’র সিইও আহাদ মোহাম্মদ বলেন, “এক দশকেরও বেশি সময় ধরে শার্ক ট্যাংক আমার প্রিয় একটি শো। বাংলাদেশ একটি উদ্যোক্তা-ভিত্তিক ও সম্পদশালী দেশ এবং একজন গর্বিত বাংলাদেশি হিসেবে আমি মনে করি এই শো’টি আমাদের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি বিনোদন প্রদানের একটি যথাযোগ্য প্ল্যাটফর্ম। বাংলাদেশে ‘শার্ক ট্যাংক’ আনতে পেরে আমরা অত্যন্ত গর্বিত এবং উচ্ছ্বসিত।”
‘শার্ক ট্যাংক বাংলাদেশ’ এ অংশগ্রহণের জন্য আবেদন করতে sharktank.bongobd.com লিংকে ভিজিট করুন। এছাড়া, দেশব্যাপি একটি ওপেন অডিশন অনুষ্ঠিত হবে, যেখানে সরাসরি অংশগ্রহণ করে আবেদন করা যাবে। এছাড়াও, আবেদনকারীরা myrobi অ্যাপ থেকেও আবেদন করতে পারবেন। বঙ্গ’র পক্ষ থেকে অডিশন সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আরও জানতে [email protected] ঠিকানায় ইমেইল করুন।


















