পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আরো সুন্দরভাবে যোগাযোগের জন্য নতুন ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিক পর্যায়ে বেটা ভার্সনে ফিচারটি আনা হবে। এটি অ্যাভাটার রিঅ্যাকশন নামে আসবে। খবর টেকটাইমস।
স্ট্যাটাস আপডেটকে আরো আকর্ষণীয় করতে এবং ব্যবহারকারীদের অংশগ্রহণকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এ উদ্যোগ নিয়েছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বেটার ২.২৩.১৮.৯ ভার্সনে এ ফিচারটি দেয়া হয়েছে। অ্যাভাটার রিঅ্যাকশন ফিচারটি পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আরো আনন্দের মাধ্যমে যুক্ত হওয়ার অভিজ্ঞতা দেবে। এর মাধ্যমে যে কারো স্ট্যাটাসে রিঅ্যাকশন দেয়া যাবে। ইমোজি রিঅ্যাকশন এরই মধ্যে চালু হয়ে গেছে। তবে অ্যাভাটার রিঅ্যাকশন টেক্সট ও ইমোশনের মধ্যে পার্থক্য তৈরি করবে বলে দাবি প্লাটফর্মটির।
সাধারণত অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও মনের অনুভূতি বোঝানোর জন্য ইমোজি ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্ড্রয়েড পুলিশের তথ্যানুযায়ী, অ্যাভাটার রিঅ্যাকশন ব্যবহারকারীদের আলাদা আটটি অ্যাভাটার নির্বাচনের সুযোগ দেবে। যেগুলো আলাদা অনুভূতির কথা প্রকাশ করবে।
ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, ব্যবহারকারীদের মনের অনুভূতি আরো ভালোভাবে প্রকাশের জন্য নতুন ফিচারটি তৈরি করেছে হোয়াটসঅ্যাপ। মেসেজিংয়ে ইমোজি রিঅ্যাকশন প্রধান একটি অংশ। সেদিক থেকে অ্যাভাটার রিঅ্যাকশন সম্পূর্ণ নতুন বিষয়। ইমোজির মাধ্যমে অনেক সময়ই পরো মনোভাব প্রকাশ করা যায় না। তাই প্রযুক্তিবিশারদদের মতে এটি সে সমস্যা সমাধানে সহায়তা করবে।
হোয়াটসঅ্যাপের ইন্টারফেসে নতুন ফিচারটি যুক্ত করে দেয়া হবে। এখন যেমন বিভিন্ন ইমোজি থেকে ব্যবহারকারীরা পছন্দ করতে পারে তেমনি অ্যাভাটারও নির্বাচন করা যাবে। বেটা ভার্সনে এটি আনা হলেও সব পরীক্ষকের জন্য এখনো ফিচারটি চালু করা হয়নি।



















