এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে আজ রবিবার (২৭ আগস্ট) দুপুরে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছে টাইগাররা। তবে অসুস্থতার জন্যে যেতে পারছেন না লিটন দাস। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (সোমবার) শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
আগামী ৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।
৩০ আগস্ট থেকে শুরু হওয়া এবারের আসরের মোট ৪টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ। সূচি অনুযায়ী, ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে।
পাকিস্তানের মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নেপাল। এর পরদিন (৩১ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে নামবে বাংলাদেশ। সবার আগেই টাইগারদের এই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। টুর্নামেন্টের গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ লড়বে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে।



















